বাংলাদেশ

অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে যাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে যাবে, এ দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে, জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে সরকার।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৪ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এসময় একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় মাতৃভূমিকে রক্ষায় হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের সর্বস্তরের মানুষ।

বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতা অর্জনের চেতনাকে সমুন্নত রেখেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা ‍তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে বলেই ধারাবাহিক অগ্রগতি সম্ভব হয়েছে।

এসময় মুক্তিসংগ্রামের চেতনা ধরে রেখে আগামী প্রজন্মকে দেশের জন্য কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button