অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতিসরকার

অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে বদ্ধপরিকর আ. লীগ

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেওয়াই আজকের দিনের অঙ্গীকার।

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ অঙ্গীকার ব্যক্ত করেন সেতুমন্ত্রী।তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নয়া উৎসর্গীকৃত চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে নবতর পথযাত্রার সূচনা করতে চায়।

এবার বৈশাখ এসেছে রমজান মাসে। তাই দেশবাসীকে রমজানের পবিত্রতা রক্ষা করার পাশাপাশি আবহমান কাল থেকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

ধর্মের নামে কোনরূপ বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আসুন নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায়, ইতিবাচক ধারাকে আরও বলিষ্ঠ ও বেগবান করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button