সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে আজ। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
দেশে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় এ হালনাগাদে নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কাজ চলবে। এবার ১৫ বছর ও তার বেশি বয়সী নাগরিকদের তথ্য নেবে ইসি। ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তারা এবার নিবন্ধনের সুযোগ পাবে।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, নির্বাচন কমিশনার মো. আলমগীর মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং নির্বাচন কমিশনার আনিছুর রহমান শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এদের মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন ট্রান্সজেন্ডার।



