ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে সরকার

শিল্পায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষার উপর অধিক গুরুত্বারোপ করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সকালে, রাজধানীতে ডেল্টা প্ল্যান নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ৬টি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।
সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।এসময় এলজিআরডি মন্ত্রী বলেন, ডেল্টা প্ল্যানে সুনির্দিষ্ট রোডম্যাপ হাতে নিয়েছে সরকার। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এ জনপদে সুন্দরভাবে টিকে থাকতে পারে সেজন্য পরিকল্পিত পরিকল্পনা প্রয়োজন।
অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে ৬টি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ফলে বাংলাদেশের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলেও এসময় উল্লেখ করেন সরকারের মন্ত্রীরা।



