শেখ হাসিনা- নরেন্দ্র মোদি বৈঠক মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের রাষ্ট্রীয় সফরের শুরুতে বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রীয় গুরুত্ব ব্যক্তিবর্গ। পরে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়।
ভারতের রাজধানী নয়াদিল্লির পালাম বিমানবন্দরে স্থানীয় সময় ১১টা ৪০মিনিটে পৌঁছায় ফ্লাইটটি। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর নয়াদিল্লিন হোটেল আইটিসি মাউরায় যায়। ভারতে সফরকালে সেখানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এছাড়া, ভারত সফরের প্রথম দিনে সন্ধ্যায় দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের দ্বিতীয়দিন আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্পিক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।



