বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে: কৃষিমন্ত্রী

খোলা বাজার অর্থনীতিতে পণ্যের দাম নির্ধারণ করে নিয়ন্ত্রণ করা সম্ভব না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর বিএডিসির ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খোলা বাজার অর্থনীতিতে পণ্যের দাম নির্ধারণ করে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কেউ পারেওনি। তবে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে মিল মালিকরা হঠাৎ করে দাম বাড়িয়ে বিরাট মুনাফা করার চেষ্টা করে। তাদের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। কৃত্রিম বাজার সংকট যারা তৈরি করে, তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। চালের দাম নিয়ন্ত্রণে সরকার ওএমএস, টিসিবিসহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু রেখেছে।
তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থা টিকিয়ে রাখতে সরকার ২০১৮ সালে নির্বাচনে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। মানুষকে পুষ্টিকর ও দানাদার খাদ্য দিতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিছু পণ্যের দাম বেড়েছে, এতে সীমিত আয়ের মানুষের কষ্ট বেড়েছে। এই অবস্থা মোকাবিলায় আমরা ৫০ লাখ পরিবারকে মাত্র ১৫ টাকায় চাল দিচ্ছি। গরিব মানুষ যাতে কষ্ট না পায় এজন্য ভিজিএফ, ওএমএস ও টিসিবির মাধ্যমে পর্যাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে। এতে করে সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘব হবে। এছাড়া আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন কীভাবে বাড়ানো যায়, সে লক্ষ্যেও কাজ করে যাচ্ছি।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি আনোয়ারুল আবেদীন খান ও কাজীম উদ্দিন আহমেদ ধনু, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিএডিসি চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ব্রি’র পিএসও ড. মো. ইব্রাহিম, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আশরাফ উদ্দিনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



