২৩-এর শেষ প্রান্তিকে বা ২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০২৩ এর ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
শনিবার (৮ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন। তিনি বলেন, আপনারা রাষ্ট্রের মূল প্রশাসনিক ইউনিট, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পদাধিকারবলে আপনারা জনগণের কাছে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন।
‘সংবিধান ও বিভিন্ন আইন অনুযায়ী নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। সংসদ নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকলেও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন প্রতি বছরই, কোনো না কোনো কারণে চলমান থাকে। যেমন আগামী ১৭ তারিখে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদের দুটো উপ-নির্বাচন রয়েছে। আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন।’
এ সভার উদ্দেশ্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব নির্বাচন বিষয়ে আপনাদের এবং কমিশনের সমন্বিত দায়িত্ব, ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা। আশা করি, কার্যকর আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সভা সফল ও ফলপ্রসূ হবে।
বাংলা টিভি/ হীরা



