
আয় বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের করা মামলায় জামিন শুনানির জন্য আদালতে হাজির হয়েছেন চাঁদপুরের ‘বিতর্কিত’ ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খান।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তিনি হাজির হন। দুপুর ২টার পর শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী শাহিনুর রহমান।
এর আগে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আইনজীবীর মাধ্যমে একই বিচারকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বালুখেকো হিসেবে পরিচিত সেলিম খান। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করলে, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য বুধবার (১২ অক্টোবর) ধার্য করেন।
জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম জামিন দেন। পরে তা স্থগিত চেয়ে আবেদন করে দুদক। পরে গত ২১ সেপ্টেম্বর সেলিম খানের জামিন স্থগিত করে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন চেম্বার আদালত।
এর আগে গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।
বাংলা টিভি / হীরা



