জামায়াতের নামে দল নিবন্ধনের সুযোগ নেই: ইসি

বর্তমান জামায়াতে ইসলামীর নামে রাজনৈতিক দলের নিবন্ধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে নিজের দফতরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, জামায়াতের নিবন্ধন কোর্টের আদেশে বাতিল করা হয়েছে। কেউ নিবন্ধিত হতে চাইলে তাকে নতুন করে নিবন্ধিত হতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র নিয়ে কেউ আবেদন করলে তাদের নিবন্ধন দেবে না কমিশন।
বর্তমান জামায়াতে ইসলামীর নামে সংগঠনের নিবন্ধনের কোনো সুযোগ নেই এমনটা জানিয়ে কমিশনার বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত, দণ্ডপ্রাপ্ত আসামিদেরও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই। নিবন্ধিত ৩৮টি দলের অডিট রিপোর্ট পাওয়া গেলেও একটি দলের এখনও পাওয়া যায়নি। পরপর তিনবার রিপোর্ট না দিলে নিবন্ধন বাতিল হতে পারে। দুই একবার এমন হলে সতর্ক করা করতে পারে কমিশন।
বাংলা টিভি/অজিত



