টঙ্গীতে সড়ক সংস্কার, ৪৮ ঘণ্টা অন্য পথে চলাচলের অনুরোধ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির ফলে ছোট বড় গর্ত তৈরি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যানজট লেগেই আছে। তাই টঙ্গীর মিলগেট এলাকার সড়ক স্থায়ী মেরামতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে আগামী ৪৮ ঘণ্টা বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট অংশের উভয়মুখী রাস্তার স্থায়ী মেরামতের কাজ চলবে।
এ সময় আপনারা নিজেদের প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহার করবেন। এক্ষেত্রে ঢাকা প্রবেশে বনমালা রেলগেট হয়ে টঙ্গী পূর্ব থানা হয়ে স্টেশন রোড হয়ে ঢাকায় এবং ধীরাশ্রম রেলগেট-হায়দারাবাদ চৌরাস্তা-নিমতলী ব্রিজ-স্টেশনরোড-ঢাকায় এবং ময়মনসিংহের দিকে যেতে ঢাকা থেকে টঙ্গীর স্টেশনরোড থেকে মিরেরবাজার হয়ে ভোগড়া বাইপাস ও কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফিট হয়ে উলুখোলা ব্রিজ থেকে মিরের বাজার হয়ে ভোগড়া বাইপাস রোড ব্যবহার করবেন। এছাড়া সরাসরি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করতে চাইলে হাতে একটু বাড়তি সময় নিয়ে বের হতে হবে।
বাংলা টিভি/ হীরা



