ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না: কাদের

যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলেছে, বাংলার জনগণ তাদের আর কখনও ভোট দেবে না- বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনার উন্নয়ন আর দক্ষ নেতৃত্বের কারণে দেশের মানুষ আবারও নৌকায় ভোট দেবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে নেতারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন ফিরে আসবে না, বিএনপি আন্দোলনের টাকা কোথায় পায় সে তথ্য সরকারের কাছে আছে।
রাজধানীর শেরেবাংলা নগরে, ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিতে সকাল থেকেই নানা রঙের পোশাকে নেতাকর্মীদের ঢল নামে। দুপুরের মধ্যেই সম্মেলন স্থল পরিণত হয় জনসমুদ্রে।
সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, আন্দোলনের নামে দেশবিরোধী অপশক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদেরকে এবার সমূলে উৎপাটন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলেছে, তাদেরকে জনগণ আর কখনই ভোট দেবে না।
দেশের অগ্রযাত্রা রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান কাদের।
তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরে আসবে না জানিয়ে কাদের আরও বলেন, বিএনপি শেষপর্যন্ত নির্বাচনে ঠিকই অংশ নেবে, এখন শুধু তালবাহানা করছে। আন্দোলনের টাকা বিএনপি কোথায় পায় সরকারের কাছে সে খবর আছে বলেও জানান তিনি।
সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়।
বাংলা টিভি/ হীরা



