আইন-বিচার

মানহানির ২ মামলায় জামিনের মেয়াদ বাড়ল খালেদা জিয়ার

ঢাকায় ও নড়াইলে মানহানির অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই দুই মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের জামিনের আবেদন করেন তিনি।

পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

২০১৫ সালের ২১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। এই অভিযোগে একই বছর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানি মামলা করেন। এরপর ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকায় আরেকটি মানহানি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

সংশ্লিষ্ট খবর

Back to top button