বিএনপি নেতা কামালের মরদেহে আঘাতের চিহ্ন

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বিএনপি নেতা আ ফ ম কামালের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ নভেম্বর) রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে আলীনগর গ্রামে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার দুপুর ২টায় আ ফ ম কামালের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ময়নাতদন্তে কামালের বুকে, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের ২৫টি আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বুকের বাম পাশে একটি আঘাত গুরুতর।
মরদেহেরে ময়নাতদন্তকারী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামসুল ইসলাম বলেন, ২৫টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই মারা গেছেন আ ফ ম কামাল।
তিনি আরও বলেন, বাম হাত, বুকের বামপাশ, বামপাশের কাঁধের নিচ, পায়ের উরুতে এসব আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহ গ্রহণকালে কামালের বড় ভাই মইনুল হক বলেন, আমার ভাইকে আওয়ামী লীগের লোকজনই নির্মমভাবে খুন করেছে। তার শরীর ক্ষতবিক্ষত। তিনি ভাই হত্যার দ্রুত বিচার চেয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেন।
তবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, বিএনপির অভ্যন্তরীণ বিরোধে কামাল খুন হন। খুনের সঙ্গে আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। হত্যাকাণ্ডের পর বিএনপি নেতাকর্মীরা আমাদের প্রতিনিধি সভার টানানো বিভিন্ন পোস্টার, ব্যানার ও তোরণ খুলে ফেলে। জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে, যা তারা রাজনৈতিক সীমা লঙ্ঘন করেছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমাদের কাছে সর্বশেষ তথ্য হচ্ছে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা শনাক্ত করতে পেরেছি। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আশা করছি, খুব শিগগির তাদের গ্রেফতার করতে পারবো।
বাংলা টিভি/ হীরা



