বাংলাদেশ

আওয়ামী লীগ কখনো দেশের টাকা অপচয় করে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ কখনো দেশের টাকা অপচয় করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে ও কল্যাণে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রসওয়ের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে, এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের টাকা চুরি করে নিজেরা অর্থসম্পদ বানিয়েছিলো। আরও জানাচ্ছেন অজিত সরকার।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বিমানবন্দর থেকে শুরু করে আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার র্দীঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণিকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এসময় রিজার্ভের টাকা নিয়ে অপপ্রচারকারীদের জবাব দেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের টাকা চুরি করে অর্থ সম্পদ গড়া বিএনপির অভ্যাস। আওয়ামী লীগ সরকার কখনো দেশের টাকা অপচয় করেনি, রিজার্ভের অর্থ থেকে যা কিছু ব্যয় করা হয়েছে তা  জনগণ ও দেশের কল্যাণেই।

এসময়, আসন্ন বৈশ্বিক সংকট মোকাবেলায়, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিলে বাংলাদেশে যেন সেই ধাক্কা না লাগে, সেজন্য আগাম প্রস্তুতি রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েটি বাস্তবায়িত হলে, এটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সাথে দ্রুত সংযুক্ত নিশ্চিত করবে এবং রাজধানী থেকে বাইরের যোগাযোগ আরও গতিশীল হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি হবে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের আরেক মাইলফলক।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button