বাংলাদেশ

দুই জঙ্গি পালানোর ঘটনায় দেশজুড়ে রেড এলার্ট

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালানোর ঘটনায় দেশজুড়ে রেড এলার্ট জারি করেছে সরকার।

ঢাকার আদালত প্রাঙ্গণে দিনে-দুপুরে পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে, ২ জঙ্গিকে ছিনিয়ে নিয়ে পালিয়েছে তাদের সহযোগিরা। পলাতক জঙ্গিরা প্রকাশক দীপন ও লেখক অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামী। আজ দুপুরে দুই জঙ্গিকে সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল থেকে হাজতখানায় নেয়ার পথে,পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে, জঙ্গিদের ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় সহযোগিরা। ঘটনার পর আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে একটি মামলার হাজিরা শেষে দুই জঙ্গিকে হাজতখানায় নেয়ার সময়, ওঁৎ পেতে থাকা তাদের সহযোগীরা পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে আসামীদেরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজেও তাদেরকে মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখা গেছে।

পালিয়ে যাওয়া ওই ২ জঙ্গি হলো- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব। এ দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি।

পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যেই আসামিদেরকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবীরা।

ঘটনার পর আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পলাতক জঙ্গিদের ধরে মাঠে নেমেছে গোয়েন্দাসহ আইনশৃংখলাবাহিনী।

এদিকে, দেশের সকল আদালতের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button