কর ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তি নির্ভর করতে হবে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে কর ব্যবস্থাপনাকে গণমুখী ও তথ্যপ্রযুক্তি নির্ভর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ নভেম্বর) ‘জাতীয় আয়কর দিবস ২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’ যথার্থ হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, ‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’- স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে আয়কর দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সব করদাতা এবং আয়কর বিভাগ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানাই। পাশাপাশি যারা এ বছর সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন তাদের জানাচ্ছি অভিনন্দন।



