ছাত্রলীগের ৩০তম সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি।
সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনের বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দীর্ঘ সাড়ে ৪ বছর পর এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ভিড়ে মুখর সোহরাওয়ার্দী উদ্যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। বিভিন্ন জেলার নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও রাজধানীর ওয়ার্ড, থানা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন।
বাংলা টিভি/অজিত



