মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেফতার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে ডিবি।
এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি।
নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পরদিন ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (৯ ডিসেম্বর) আদালতে হাজির করা হবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের সামনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা নয়াপল্টনের ঘটনার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও উস্কানিদাতা।
আর কোনো কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সবকিছুই খেয়াল রাখছি। কেউ যদি এরকম অপরাধ করেন, তবে তারাও আমাদের নজরদারিতে থাকবেন।
বাংলা টিভি/ হীরা



