আইন-বিচার

সংবিধান অনুযায়ীই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদোন্নতি প্রাপ্ত জেলা ও দায়রা জজদের নিয়ে আয়োজিত ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের স্থায়ীত্বকালেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে যেসব সহযোগিতা লাগে এবং যেসব সরকারি বিভাগগুলো তাদের আওতায় থাকে সেইগুলো নির্বাচন কমিশনের নির্দেশনায় চলবে। আর সরকার ডে টু ডে রুটিনে কাজ করবে। সেই আদলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলা হচ্ছে- সেটা আদালত দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে। এই রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনীও করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা আমি দেখি না।‘

আদালত বর্জনের ফলে দুই বিচারক সেখানে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের জিএ কমিটি বিজ্ঞ বিচারকদের বদলি করেন। এখন এটা তাদের এখতিয়ারধীন। আমি সেখানে কোনও কথা বলবো না।’

সংশ্লিষ্ট খবর

Back to top button