গুজব প্রতিরোধে ডিসিদের দিক-নির্দেশনা তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

অনিবন্ধিত পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বক্তব্য প্রদান ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিক নির্দেশনা দেওয়ার কথা জানান। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৬২টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৬৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল, ১৫টি টেলিভিশনের অনলাইন পোর্টাল ও ১৪টি আইপিটিভিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদেরও এ বিষযটি জানানো হয়েছে। এর বাইরে সবগুলোই রেজিস্ট্রেশনবিহীন।
ড. হাছান বলেন, জেলা পর্যায়ে অনেক অনলাইন পোর্টাল, আইপি টিভি ও ইউটিউব চ্যানেল আছে, যেগুলোর কোনো নিবন্ধন নেই এবং যারা সেগুলোতে কাজ করে তারা নিজেদেরকে আবার সাংবাদিক পরিচয় দেয় এবং সেগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো, ভুল তথ্য পরিবেশন এবং বিভ্রান্তি ছড়ানো হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, অনিবন্ধিত পোর্টালে যদি দেখা যায় কেউ বিভ্রান্তি বা গুজব ছড়াচ্ছে, অথবা অসত্য বা ভুল সংবাদ পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে অথবা কারো ব্যক্তিগত বিষয়ে সংবাদ পরিবেশন করে সেটিকে আবার ভিন্ন কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, তাহলে তাৎক্ষণিকভাবে সত্য তথ্যটা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশন করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ সেলকে জানাতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা টিভি/বাস/ মাসুদ রানা



