
যুক্তরাষ্ট্রের ভালো সুপারিশ বাংলাদেশ গ্রহণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং রফতানি বাজার। ওই দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। তারা বন্ধু না হলে কিছু বলতো না, বরং আক্রমণ করতো। বন্ধু বলেই অনেক সুপারিশ দেয়। ভালো সুপারিশ আমরা গ্রহণ করবো। সবকিছুতে আমরা ভালো হয়ে গেছি, বিষয়টি সেরকমও নয়।
সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এই আলোচনা সভার আয়োজন করে। এ সময় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র। চীনের সঙ্গেও আমাদের অনেক বাণিজ্য রয়েছে। চীন ও ভারতের সাথে ভারসাম্য নিয়ে বাংলাদেশকে চলতে হয়। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়- এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি।



