গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ

গণতন্ত্র সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। ২০২২ সালের গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৭৩তম।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ১৬৭টি দেশ ও ২টি অঞ্চল নিয়ে তৈরি করা হয়েছে ২০২২ সালের এই সূচক।
সূচকে ১০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। ২০২১ সালে একই স্কোর নিয়ে তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। এর আগের বছর ছিল ৭৬তম। এ হিসেবে সূচকে ধারাবাহিক উন্নতির পথে রয়েছে বাংলাদেশ।
সূচকে পাঁচটি মূল বিষয়ের আলোকে বিশ্বব্যাপী দেশগুলোর গণতন্ত্রের অবস্থা মূল্যায়ন করা হয়েছে। বিষয়গুলো হলো নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা।
সূচকে দেশ ও অঞ্চলগুলোকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে। পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা।
এবারের সূচকে পূর্ণ গণতন্ত্র বিভাগে রয়েছে ২৪টি দেশ। ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে ৪৮টি দেশ। হাইব্রিড শাসনব্যবস্থায় ৩৬টি দেশ। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় ৫৯টি দেশ।



