বাজারে অস্থিরতা যেন কাটছেই না, বিপাকে ক্রেতারা

বাজারে অস্থিরতা যেন কাটছেই না। দফায় দফায় বাড়ছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এছাড়া রমজানকে সামনে চিনিসহ বেশকিছু পণ্যের কৃত্রিম সংকটও দেখা দিয়েছে। সিন্ডিকেটের কারিসাজি নিয়ন্ত্রনে বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। এদিকে, তুলনামূলক স্বস্তি ফিরেছে চালের বাজারে।
প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। ক্রেতারা বলছেন, সপ্তাহান্তে বাজারে গেলেই পন্যের দাম শুনে চোখ কপালে ওঠে।
চলতি সপ্তাহে আরেক দফা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্যবসায়ীদের অজুহাত, সরবরাহ কমায় কেজিপ্রতি দর বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। ক্রমাগত দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। এদিকে, ডিমের দাম ডজনপ্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অপরদিকে, নিত্যপন্যের বাজারে নির্ধারিত দামে মিলছে না চিনি। কিছু দোকানে পাওয়া গেলও বিক্রি হচ্ছে বেশি দামে।
কিছুটা স্বস্তি ফিরেছে চালের বাজারে। নতুন চাল আসায় কমতে শুরু করেছে মোটা চালের দর। তবে, অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম।
এ অবস্থায় বাজারদর নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কঠোর মনিটরিংয়ের দাবি সাধারণ ক্রেতাদের।



