বাংলাদেশ

বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে নেই: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমরা গ্লোবাল (বৈশ্বিক) প্রতিযোগিতায় পিছিয়ে নেই। বেশ তাড়াতাড়ি ধরে ফেলেছি সব। আজ তাই সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) খুব দরকার। কারণ মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে না ঠকে, ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যেন এ খাতে উদ্ভূত সমস্যা সহজেই সমাধান করতে পারি, সেজন্য এই সিস্টেম দরকার। এটি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের খুব উপকার হয়েছে। কিছুটা হলেও আমরা স্বস্তিতে থাকতে পারব যে, মানুষের যাওয়ার একটি জায়গা আছে, যেখানে তারা সমস্যার সমাধানও পেয়ে যাবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের (সিসিএমএস) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিনিয়ত এগোচ্ছে। ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট যখন আসে, তখন অনেকেই বলেন এটি হবে না। এখন মানুষ প্রত্যন্ত গ্রামে বসে তার জমিতে কতটুকু সার লাগবে তা জানতে পারে এই ডিজিটাল প্লাটফর্ম থেকে। সত্যিকার অর্থে দেশ বদলে গেছে। প্রযুক্তি ব্যবহার করে সব খাত অনেক এগিয়ে গেছে। তাকিয়ে থাকার মতো উন্নয়ন হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম সফিকুজ্জামান, ই- ক্যাবের সভাপতি শমী কায়সারসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button