বাংলাদেশ
ভোক্তাপর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়লো ৫ শতাংশ

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। ইউনিট প্রতি বিদ্যুতের দাম মার্চ মাস থেকে বাড়ছে আরও ৫ শতাংশ।
সরকারের নির্বাহী আদেশে, আজ সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিদ্যুতের বর্ধিত এই মূল্য, আগামীকাল থেকেই কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক খাতে শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৪ টাকা ১৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৩৫ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বিদ্যুতের দাম ৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়ছে।
এছাড়া, ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের ইউনিটপ্রতি দাম ৬ টাকা ৩১ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা। এ নিয়ে, চলতি বছর তৃতীয়বারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হলো।



