বাংলাদেশ ও ভারতের উন্নয়নে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান থাকবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের উন্নয়নে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। তাই এটি আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের আদর্শ নয়, ভারতীয়দের জন্যও আদর্শ।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রদর্শন করছি। এ দেশের মানুষের অধিকার আদায় ও সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই শ্রদ্ধার সঙ্গে বলছি, বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ রয়েছে।
প্রণয় ভার্মা বলেন, উভয় দেশের মানুষের মধ্যে হৃদয়ের সম্পর্ক বিদ্যমান। তাই দুই দেশের জনগণ সম্মিলিত হয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কাজ করেছিল। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।



