আওয়ামী লীগরাজনীতি

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যেতে হবে: ওবায়দুল কাদের

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। আজ বুধবার (২২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএনপি। আর এই অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল। কেন বলছি? বিএনপির একটা গঠনতন্ত্র আছে, সেখানে কোথায় আছে ফখরুল ১২ বছর ধরে মহাসচিব থাকবে। তাহলে তার বৈধতা হারায় নাই। সে যে পদত্যাগ দাবি করে তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। কারণ সে তো অবৈধ। সে তো বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ।

তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। সামনেও যায় না, পেছনেও যায় না। ডানেও যায় না, বামেও যায় না।

সরকার গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল ইসলাম বলেন যে, আমরা নাকি গণতন্ত্র ধ্বংস করেছি। গণতন্ত্রকে বিএনপি কবর দিয়েছে, সমাহিত করেছে। প্রহসনমূলক নির্বাচন, ভুয়া ভোটার তৈরি করে গণতন্ত্র হত্যা বিএনপিই করেছে। আপনাদের হাতে আর এই দেশ যাবে না। শেখ হাসিনা তাদের হাতে আর এই দেশ তুলে দেবে না।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা হালিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button