সাংবাদিক জাহাঙ্গীরের নামে ডিএসএ মামলা, ক্র্যাবের নিন্দা

ইউএনবির বিশেষ প্রতিনিধি ও ক্র্যাবের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছে পুলিশ। গত ১২ এপ্রিল হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন এই মামলা করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, যে মামলা করা হয়েছে তা হয়রানির উদ্দেশ্যে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।
জাহাঙ্গীর আলম বলেন, যে অভিযোগে আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ঢাকা মহানগরের হাতিরঝিল থানার একটি মামলায় জড়ানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের অভিযোগের সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। একজন সাংবাদিক হিসেবে আমি সবসময় দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের সাথে আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করি।
তিনি বলেন, আমি মনে করি কোনো স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাকে এই ধরণের একটি মামলায় জড়িয়েছে।



