বাংলাদেশ
চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আজ তাঁর নিজ জেলা পাবনায় পৌঁছেছেন।
আজ সোমবার (১৫ মে) দুপুরে হেলিকপ্টারযোগে পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান তিনি। গত ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটিই পাবনাতে তাঁর প্রথম সফর। তিনি পাবনাতে কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন। পাবনার নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামীকাল গণসংবর্ধনা দেয়া হবে।
রাষ্ট্রপতি পাবনায় পৌঁছালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, নাগরিক কমিটির আহবায়ক অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউস চত্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।



