গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: দীপু মনি

আওয়ামী লীগ কখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতিতে ক্ষমতায় যায়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন। তিনি বলেন, গাজীপুরে নির্বাচন হয়ে গেল, এটা গণতন্ত্রের বিজয় হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচন যে কত ভালো কত সুন্দর হতে পারে- যেটি নির্বাচন কমিশন করতে পারে; সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা করেছে।
শনিবার (২৭ মে) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন- সেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আজ দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। কৃষি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ আজকে সব ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে। সেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান তরুণরাই ভবিষ্যৎ। তরুণদের দায়িত্ব আগামী দিনের নির্বাচনে নৌকাকে বিজয় হিসেবে নিশ্চিত করা। এজন্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইস্পাত কঠোর ঐক্য।



