
১৭ই ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ ও মহাজোটের বিদ্রোহী প্রার্থীদের সরে আসতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে প্রার্থীরা নির্বাচন থেকে সরে না আসলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারী আনেন।
এসময় নানক বলেন, ‘জাতীয় ঐক্য পরগাছাদের সমন্বয়ে গঠিত প্লাটফর্ম এবং নির্বাচনে ভরা ডুবির আশঙ্কা থেকেই ঐক্যজোট মিথ্যাচার করছে। এ সময়, বিএনপিকে অপপ্রচার ও মিথ্যাচার পরিহার করার আহ্বান জানিয়েছেন নানক।
সাংবাদিকদের সঙ্গে অশোভন ও ক্ষুব্ধ আচরণ করায় ড. কামাল হোসেনের সমালোচনা করে নানক আরও বলেন, রাজনীতিতে ড. কামাল হোসেনকে কখনো জাতির সংকট মুহূর্তে পাওয়া যায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এবং ১৯৭৫ সালে ড. কামাল হোসেনের ‘রহস্যাবৃত’, ‘বিতর্কিত’ ভূমিকার কথা দেশবাসী জানে। দেশ ও জাতির প্রয়োজনে তাঁকে কখনো পাওয়া যায়নি। নানক আরও বলেন, ‘ড. কামাল হোসেন বিভিন্ন সময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন, ড. কামাল হোসেনের ষড়যন্ত্র-রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতারই অংশ।’
বাংলাটিভি/এমআরকে



