জাতীয়

এশিয়ান পেইন্টস-এর সহযোগিতায় স্থাপত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলো আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং এক্সক্লুসিভ পার্টনার এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইন পেশাজীবী, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবারের আসরে আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫, আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৫ এবং আইএবি থিসিস অ্যাওয়ার্ডস ২০২৫-এর আওতায় বিভিন্ন বিভাগে মোট ১০টি পুরস্কার ও ১০টি বিশেষ স্বীকৃতি (কমেন্ডেশন) দেওয়া হয়। তবে স্থাপত্য পেশায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া আইএবি-এর সর্বোচ্চ সম্মাননা ‘আইএবি গোল্ড মেডেল’ এ বছর কাউকে প্রদান করা হয়নি।

স্থাপত্য বিভাগে একক আবাসিক ভবন ক্যাটাগরিতে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের ‘রিয়াজ রেসিডেন্স’ প্রকল্পের জন্য আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫ লাভ করেছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, স্থপতি শাওকি শামীম ও স্থপতি মো. ওবায়দুর রহমান রাজীব।

গবেষণা ও প্রকাশনা বিভাগে ‘ইনফ্লুয়েন্স অব প্রিলিমিনারি আর্কিটেকচারাল ডিজাইন ডিসিশনস অন ইলেকট্রিসিটি কনজাম্পশন অব রেসিডেনশিয়াল বিল্ডিংস ইন ঢাকা’ শীর্ষক গবেষণার জন্য স্থপতি মো. আশিকুর রহমান জোয়ার্দার এবং ‘সিটি অব ডিজায়ার’ বইয়ের জন্য স্থপতি তানজিল শফিক পুরস্কৃত হয়েছেন। এ ছাড়া যৌথ গবেষণা প্রবন্ধের জন্য পুরস্কৃত হন স্থপতি কাজী ফাহিমা নাজ, মো. আশিকুর রহমান জোয়ার্দার, স্থপতি সুব্রত চন্দ্র শিকদার ও স্থপতি সাজিয়া শোয়েব।

ইন্টেরিয়র ডিজাইন বিভাগে আবাসিক ক্যাটাগরিতে জুবায়ের হাসান আর্কিটেক্টসের ‘কবিতা কুঞ্জ’ প্রকল্পের জন্য স্থপতি মো. জুবায়ের হাসান ও তাঁর দল পুরস্কার পান। অন্যদিকে ফ্রেমওয়ার্কের ‘স্যার ফজলে হাসান আবেদ নলেজ হাব’ প্রকল্পটি কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং ফার্নিচার ডিজাইন—এই দুই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। প্রকল্পটির নকশা করেন স্থপতি মো. ফয়সাল কবির ও স্থপতি অনুপ কুমার বসাক।

আইএবি থিসিস অ্যাওয়ার্ডস ২০২৫-এ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মো. শাফায়েত বিন আলম প্রথম স্থান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাবিলা নুসরাত দ্বিতীয় স্থান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আজমাইন আরমিন প্রীতু তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানের শুরুতে আইএবি-এর ভাইস প্রেসিডেন্ট স্থপতি নওয়াজিশ মাহবুব স্বাগত বক্তব্য দেন। এরপর এশিয়ান পেইন্টসের হেড অব মার্কেটিং ইসতিয়াক আহমেদ এবং আইএবি-এর অ্যাওয়ার্ডস ডিরেক্টর অধ্যাপক ড. স্থপতি মো. নওরোজ ফাতেমি বক্তব্য রাখেন। বিজয়ী স্থপতিদের হাতে পুরস্কার তুলে দেন আইএবি-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. স্থপতি আবু সাঈদ এম আহমেদ এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. স্থপতি মাসুদ উর রশীদ। ধন্যবাদ জ্ঞাপনের পর নৈশভোজের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button