শিক্ষা

২৫ বছর ধরে ভোলার একটি কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য

ভোলা প্রতিনিধি (ডিজিটাল): ‎ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে অবস্থিত চরমানিকা জালাল আহমেদ কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার শূন্য। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠার ২৫ বছর পর এমন ফলাফল ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
‎
‎বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী, চলতি বছর কলেজটি থেকে মানবিক বিভাগে পাঁচজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে পাঁচজনই অকৃতকার্য হয়েছে। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
‎
‎জানা যায়, ২০০১ সালের ৫ ফেব্রুয়ারি কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে চরমানিকা ইউনিয়নসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুযোগ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে এবারের ফলাফল কলেজটির শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, কাগজে-কলমে প্রতিষ্ঠানটি চালু থাকলেও বাস্তবে নিয়মিত শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে ঘাটতি রয়েছে। নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়েও নানা প্রশ্ন রয়েছে।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, একটি প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার পেছনে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, পড়াশোনায় অমনোযোগিতা, অভিভাবকদের অসচেতনতা এবং পাঠদানের সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণ থাকতে পারে। তাই ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
‎
‎এদিকে স্থানীয় সচেতন মহল কলেজটির সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।
‎
‎দীর্ঘ ২৫ বছর ধরে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলকে গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে স্থানীয় পর্যায়ে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এলাকার শিক্ষার পরিবেশ রক্ষায় কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।
‎

সংশ্লিষ্ট খবর

Back to top button