বাংলাদেশ

ছয় বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান

টানা ছয় বছর প্রবাসে জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক সাংবাদিক শফিক রেহমান।

রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী তালেয়া রহমানকে নিয়ে অবতরণ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০২৩ সালের অগাস্টে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ওই মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৬ সালে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল শফিক রেহমানকে।

জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি।

বিমানবন্দরে নেমেই দেশবাসীর প্রতি লাল গোলাপের শুভচ্ছা জানান শফিক রেহমান। আগে থেকেই তাকে বরণ করতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজন ও দৈনিক যায়যায়দিনের সহকর্মীরা।

দেশে এসে প্রথমেই তিনি জানান, বাংলাদেশে আসার পর সবচেয়ে বেশি অনুভব করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কোনোভাবেই তার মৃত্যুদণ্ড চান না বলে মন্তব্য করেন তিনি।

বেচে থাকাই শেখ হাসিনার অপরাধের প্রকৃত শাস্তি হবে এমনটা জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতার অবদান মনে রাখতে হবে। তাদের জন্য অনেক কিছু করার আছে বাংলাদেশের।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button