
রাজধানীর ডেমরায় শিশু নুসরাত জাহান (৪) ও ফারিয়া আক্তার দোলার (৫) হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গোলাম মোস্তফা ও মো. আজিজুল বাওয়ানী। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংএ এ কথা জানানো হয়।
সোমবার রাত ১০টার দিকে রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকার শাহজালাল রোডের একটি বাসা থেকে নুসরাত জাহান (৪) এবং ফারিয়া আকতার দোলা (৪) নামে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তারা শাহজালাল রোডে টিনশেড ও পাকা ভবনের পৃথক দুটি বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতো।
ডিএমপি সূত্র জানায়, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন মোস্তফার স্ত্রী ও শ্যালকার সহায়তায় তাদের দেয়া তথ্য মতে রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে মোস্তফার দেয় তথ্য মতে ডেমরার কাউন্সিলের মোল্লাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করা হয়।
নিহত দোলার চাচা রাশেদুল ইসলাম জানান, সোমবার দুপুরে দোলা ও নুসরাত খেলতে খেলতে হারিয়ে যায়। তাদের খুঁজতে এলাকা জুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি ফেসবুকেও ফোন নম্বর ও ছবি দিয়ে প্রচারণা চালানো হয়।
মাইকিং শুনে এক যুবক জানান, স্থানীয় মোস্তফা দুপুরের পর শিশু দুটিকে নিজের ঘরে নিয়ে গেছেন। পরে ওই যুবকের তথ্যের ভিত্তিতে মোস্তফার খালাকে সঙ্গে নিয়ে তার ঘরে গিয়ে দুই শিশুকে পড়ে থাকতে দেখি। এ সময় মোস্তফা যাতে ঘর থেকে বের হতে না পারে সে জন্য তার খালা বাইরে থেকে তালা দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। কিন্তু ততক্ষণে কৌশলে পালিয়ে যায় মোস্তফা।
বাংলাটিভি/পাইক



