রাজনীতি

‘সরকার ক্রসফায়ার দেওয়া শুরু করলে, নিজের দলের একটা লোককেও খুঁজে পাবে না’

বাংলা টিভি ডেস্ক: বিএনপি সরকার যদি দেশে ক্রসফায়ার চালু করে, তাহলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আগে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লি মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে অর্থ আদায়ের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। তাঁর দাবি, এসব অপরাধে বিএনপির নেতা-কর্মীদেরও সংশ্লিষ্টতা রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির সব নেতা চাঁদাবাজ নন, তবে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই দলটির পরিচয় ব্যবহার করছেন।

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, দেশের বিদ্যমান কাঠামো সংস্কার না করলে রাষ্ট্র পরিচালনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। তাঁর ভাষায়, তারেক রহমানকে একটি ফিটনেসবিহীন গাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে, যার ইঞ্জিন আগেই নষ্ট করে দেওয়া হয়েছে। তাই রাষ্ট্রকে সচল করতে হলে কাঠামোগত সংস্কার জরুরি।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত। তিনি অভিযোগ করেন, ভিন্নমত প্রকাশের কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। ময়মনসিংহের সাথী আক্তার নামের এক নারীকে পুলিশ বাসা থেকে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। ওই নারী ফেসবুক লাইভে বিএনপিকে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন হাসনাত।

কর্মসংস্থানের অভাব নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, জাপান ও মালয়েশিয়ায় বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে সরকার যে তথ্য দিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্যের সঙ্গে তার মিল পাওয়া যায়নি। তরুণদের জন্য বাস্তবসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ নিরাপদ জীবন ও কাজের সুযোগ চায়।

ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে হাসনাত বলেন, নির্বাচনের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, ঋণখেলাপির কারণে সংকটে থাকা ব্যাংকগুলোর পুনর্গঠনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা নিয়েও সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, সরকারপ্রধানের কাছ থেকে জনগণ দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা প্রত্যাশা করেছিল। কিন্তু দলীয় কোন্দল ও নেতা-কর্মীদের মধ্যে সহিংসতার অভিযোগ সামনে আসছে। এ ধরনের পরিস্থিতি নয়, বরং দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের পরিকল্পনাই জনগণের প্রত্যাশা বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button