মোংলায় চট্টগ্রাম থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার, আটক ১

চট্টগ্রামে থানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল বাগেরহাটের মোংলা থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম ডিবি পুলিশ। এ সময় কামাল নামের একজনকে আটক করা হয়। তিনি উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে ।
বুধবার (২৭ আগস্ট) আনুমানিক ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থেকে পিস্তলসহ তাকে আটক করে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকারীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামাল নামের এক ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে কামালের স্বীকারোক্তি অনুযায়ী মালগাজী এলাকার তার নিজ বাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পূর্বে পুলিশের থানা থেকে লুট করা হয়েছিল। পরে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
হাসান মাহমুদ / বাংলা টিভি



