বাংলাদেশ
মেঘনায় ধরা পড়লো ৪০ কেজি ওজনের বিরল কচ্ছপ

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বিরল প্রজাতির কচ্ছপ। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে শাকিল সাজি তার সঙ্গীদের নিয়ে নদীতে মাছ ধরতে গেলে এই কচ্ছপটি জালে আটকা পড়ে। প্রথমে বড় মাছ মনে করলেও জাল টেনে তোলার পর তারা বিশাল এই কচ্ছপটি দেখতে পান। বিরল এই জলজ প্রাণীটি দেখতে উৎসুক জনতা ঘাটে ভিড় জমান। পরে জেলে ও স্থানীয় সচেতন মহলের উদ্যোগে কচ্ছপটিকে সুস্থ অবস্থায় পুনরায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সাধারণত সাগরের মোহনায় এসব কচ্ছপের বিচরণ থাকে। জেলেদের প্রতি নির্দেশনা দেওয়া আছে যেন এমন কোনো প্রাণী ধরা পড়লে দ্রুত সেগুলোকে অবমুক্ত করা হয়।



