যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকইন্ডিয়াএশিয়ামধ্যপ্রাচ্য

চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ায় সীমিত পরিসরে ইরান থেকে জ্বালানি তেল আমদানি শুরু করেছে ভারতের শোধনাগারগুলো। এসব লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হচ্ছে এবং এতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে আইসিআইসিআই ব্যাংক—বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইরান ও রাশিয়ার তেল সমুদ্রপথে কেনাবেচার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে উত্তেজনার কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে চীনা মুদ্রায় ভারতের ইরানি তেল কেনার তথ্য সামনে এসেছে।

সূত্রগুলোর মতে, চলতি মাসের শুরুতে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে, যার মূল্য প্রায় ২০ কোটি ডলার।

এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেলবাহী চারটি জাহাজ সম্প্রতি ভারতে ভিড়েছে। এর মধ্যে এমটি ফেলিসিটি নামের একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস করেছে।

জানা গেছে, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স—উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করছে।

এ বিষয়ে জানতে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও রয়টার্স কোনো প্রতিক্রিয়া পায়নি।

ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেলের মূল্য পরিশোধ প্রক্রিয়া জটিল হওয়ায় অনেক ক্রেতা এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানি তেল সমুদ্রপথে কেনাবেচার ওপর দেওয়া এই সাময়িক ছাড় আর বাড়ানো হবে না। ফলে আজ রোববারই এই শিথিলতার মেয়াদ শেষ হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button