নেত্রকোনায় পুরনো প্রেমিককে হত্যার দায়ে নতুন প্রেমিকের কারাদন্ড

|| মনি চন্দ্র দাস ||
নেত্রকোনার কেন্দুয়ায় জেসমিন আক্তারের পুরানো প্রেমিক মাদরাসার শিক্ষার্থী এমদাদুল(১৯) কে নৃশংসভাবে হত্যার দায়ে নতুন প্রেমিক হিরণ কবির ওরফে হিরুকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আফিয়া বেগম আজ বুধবার বিকেলে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী হিরন কবির কেন্দুয়া উপজেলার রামনগর গ্রামের খোরশেদ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি তারিখে উপজেলার রামনগর গ্রামের জেসমিন আক্তারের পুরানো প্রেমিক এমদাদুলকে নতুন প্রেমিক হিরণ মিয়া সহযোগীদের নিয়ে জুতা কেনার কথা বলে নেত্রকোনায় নিয়ে যায়। জুতা না কিনে সন্ধ্যায় কেন্দুয়ার রামপুর বাজারে নাস্তা করে এবং রাতে যে কোন সময় জেসমিনের যোগসাজশে আসামী হিরণ এমদাদুলকে মেরে ধান ক্ষেতে ফেলে রাখে।
এ ঘটনার পরদিন নিহতের পিতা আবুল মিয়া বাদী হয়ে আসামী হিরণের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত পূর্বক আসামীর বিরুদ্ধে চার্জশীট প্রদান করলে আদালত আজ এই রায় প্রদান করেন।
বাংলাটিভি/প্রিন্স



