
কার্যকর পদক্ষেপের ফলে গতবার প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি। একই পদক্ষেপ এবারও নেওয়া হচ্ছে তাই প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই। এমনটিই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দীপু মনি বলেন, ‘নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে আমরা যাবতীয় ব্যবস্থা নিয়েছি। গতবার যে পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব হয়েছিল। এবারো একই পদ্ধতি নিয়েছি। আশা করছি, প্রশ্নপত্র ফাঁস হবে না।’
অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ যদি গুজব রটান, তাতে কেউ কান দিবেন না। অভিভাবক ও পরীক্ষার্থীরা যাতে প্রশ্নফাঁসের বিষয়ে প্রতারিত না হয়, সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।’
এসময় শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে জানান, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রের কক্ষে আসন নিতে হবে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রবেশপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস করে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। পরীক্ষা সংশ্লিষ্টরা ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।’
তিনি বলেন, ‘কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।’
এবারের যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে তাদের মধ্যে গত দুই বছর আগে নিবন্ধন করেছিল ২২ লাখ ৮৭ হাজার ৩২৩ শিক্ষার্থী। আর এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন। সেই হিসাবে নিয়মিত ৫ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন ঝরে পড়লো।
তবে এ ব্যাপারে দীপু মনি বলেন, ‘প্রকৃত হিসাবে পরীক্ষার্থী কমেনি। গত দুই বছর আগে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য নিবন্ধন করে। তাদের মধ্যে অনেকে টেস্ট পরীক্ষায় বিভিন্ন বিষয়ে ফেল করায় তারা পরীক্ষায় অংশ নিতে পারছে না।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে টেস্ট পরীক্ষায় আরও মনোযোগী হয় ও ভালোভাবে পড়ালেখা করে এ জন্য টেস্ট পরীক্ষায় ফেল করলে পাবলিক পরীক্ষায় অংশ নিতে দেয়া হয় না।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার সারাদেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করবে।’
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল, শিক্ষাসচিব সোহরাব হোসাইন প্রমুখ।
বাংলাটিভি/কায়েস



