রোমে মোদী ও মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ

বাংলা টিভি ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোমে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এরপর দুই নেতা একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। সফরের সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ও করেন।
দুই নেতা নিজেদের এই সাক্ষাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
এক্সে (সাবেক টুইটার) নিজের বন্ধু মোদীকে স্বাগত জানিয়ে মেলোনি লিখেন, রোমে স্বাগতম, আমার বন্ধু! পোস্টে তিনি ইতালি ও ভারতের পতাকার ইমোজিও যোগ করেন।
ছবিটিতে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক কলোসিয়ামকে আলোকিত অবস্থায় দেখা যায়। ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত এই স্থাপনাটি রোমের অন্যতম বিখ্যাত নিদর্শন।
ভাইরাল হওয়া ছবিটি এক মিলিয়নের বেশি ভিউ, প্রায় ৬০ হাজার লাইক এবং দুই হাজারের বেশি মন্তব্য পেয়েছে। অনেকেই দুই নেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন।
মোদী তার সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনির সঙ্গে নৈশভোজের চারটি ছবি শেয়ার করেন। তিনি জানান, রোমে পৌঁছে মেলোনির সঙ্গে তার নৈশভোজ হয় এবং পরে তারা কলোসিয়াম পরিদর্শনে যান।
তিনি আরও লিখেন, আমরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি। আজকের বৈঠকের জন্য আমি অপেক্ষা করছি, যেখানে ভারত-ইতালি বন্ধুত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
এটি মোদীর পাঁচ দেশ সফরের শেষ ধাপ। এর আগে তিনি নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস ও সুইডেন সফর করেছেন।
এরও আগে ২০২৪ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে ইতালি সফর করেছিলেন মোদি।
সেই জি-৭ সম্মেলনের সময় মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি ও ভিডিও শেয়ার করেছিলেন। ছবিতে দুই নেতাকে হাসিমুখে দেখা যায়। ভিডিওতে তারা ক্যামেরার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মেলোনি বলেন, মেলোডি টিম থেকে হ্যালো।
উল্লেখ্য, মেলোডি শব্দটি গত বছর মোদী ও মেলোনির বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।



