বাংলাদেশঅপরাধ

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় গভীর রাতে রীতা রানী মজুমদার নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী রীতা রানী মজুমদার স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। স্বামী-স্ত্রী দুজনই বাড়িতে বসবাস করতেন।

স্বামী বিধান চন্দ্র রায়ের ভাষ্য অনুযায়ী, রাতে খাবার শেষে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে তিনি সেখানে গিয়ে রীতা রানীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বাইরে এসে তিনি বাড়ির প্রধান দরজা খোলা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বাংলাদেশ পুলিশ এর গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button