রাজনীতি

মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী: নাছির

বাংলা টিভি ডেস্ক: নাছির উদ্দীন নাছির মন্তব্য করেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তিদের একজন হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরের উদ্দেশ্য ছিল ‘মব’ সৃষ্টি করা। তার ভাষ্য অনুযায়ী, সেখানে সাধারণ মানুষ নাসীরুদ্দীনের দিকে ডিম নিক্ষেপ করে এবং এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি জনতার দিকে গুলি করার চেষ্টা করে।

পোস্টে নাছির উদ্দীন নাছির দুটি ব্যক্তির ছবি প্রকাশ করে তাদের শিবিরের কর্মী বলে দাবি করেন। তাদের একজনকে সিয়াম উদ্দিন তুর্য এবং অন্যজনকে আশিক নামে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, এরা দুজনই শিবির রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্রদল নেতা স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতি দ্রুত ওই অস্ত্রধারীদের গ্রেফতারের আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় কিছু যুবক তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলা চালায়। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button