রাজনীতি

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে দলটির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

নিপুণ রায় অভিযোগ করেন, ভারত নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা করছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়—এমন একটি পরিস্থিতি তুলে ধরার চেষ্টা চলছে। তাঁর আশঙ্কা, হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো হামলার ঘটনা ঘটলে সেটিকে বিএনপি, জামায়াত ও এনসিপির কর্মকাণ্ড হিসেবে প্রচারের চেষ্টা হতে পারে।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ যেন কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ লক্ষ্যে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন তিনি।

গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে নিপুণ রায় বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর কোনো দেশের আধিপত্য বা কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। কেউ এ দেশের দিকে আঘাত হানার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে নিপুণ রায় বলেন, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তার অধিকার সবার। ধর্মের পরিচয়ের ভিত্তিতে নয়, বরং সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button