নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সেই ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা বা অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি। রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতা দাবি করেন, দেশের প্রতিটি রাজনৈতিক নেতা-কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।



