নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানা-এ মামলাটি করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। মামলায় জেলা ছাত্রদলের আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদু।
মামলার বিবরণে বলা হয়, জুমার নামাজ শেষে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল হামলাকারী তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। হামলার সময় ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন আহত হন।
এছাড়া হামলার সুযোগে একটি Sony Alpha A6400 ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। লুট হওয়া মালামালের মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করে সেটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



