ঝিনাইদহে যুবশক্তি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা একটি মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খান-কে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিক থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, অসুস্থ বাবার চিকিৎসার জন্য ক্লিনিকে অবস্থান করছিলেন অয়ন রহমান খান। এ সময় নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাকে সঙ্গে করে নিয়ে যান। অয়নের বোন জেরিন আখি বলেন, রাত সাড়ে ১১টার দিকে ক্লিনিক থেকেই তার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতারা এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় অয়ন রহমান খানকে আসামি করা হয়।
এ ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরও বলেন, সরকারের আচরণ ধীরে ধীরে আগের আওয়ামী লীগ সরকারের মতো হয়ে উঠছে বলে তাদের অভিযোগ রয়েছে।



