খালেদা জিয়া সেজে আলোচনায় আসা সেই শিশুর বাবা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে

বাংলা টিভি ডেস্ক: বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে প্রতীকী ‘কারাবন্দি খুদে খালেদা’ হিসেবে আলোচনায় আসা শাহ রুবাইয়া রুবাবার বাবা শাহ নাসির উদ্দিন রুমন এবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকার বাসিন্দা রুমন এর আগে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বে ছিলেন।
তার এই নতুন দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয় গৌরীপুরসহ ময়মনসিংহের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শাহ নাসির উদ্দিন রুমনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে থাকেন সহকর্মী ও সমর্থকরা।
রুমন জানান, তিনি দলের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। অতীতের মতোই দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি।
উল্লেখ্য, এর আগে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের সময় তার কন্যা শাহ রুবাইয়া রুবাবা প্রতীকী ‘খালেদা জিয়ার সাজে’ কারাবন্দি অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।



