জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বাতিলের সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং শিক্ষার্থীদের চাহিদা ও সময়োপযোগী শিক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন কিছু বিষয় সংযোজনের সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহও একই দিন এক ফেসবুক পোস্টে স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন মডেলের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ের অনার্স কোর্স বাতিল বা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এসব খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনার্স পর্যায়ের বিদ্যমান বিষয়গুলো বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ ধরনের প্রচারিত তথ্য সঠিক নয়।



